পরকীয়ার জেরে রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে মো. নুরুল আবসার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রায়ে পর্যবেক্ষণে বিচারক বলেন, স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং এটি একটি অপরাধ। বিবাহ কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; বরং এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন। স্ত্রীর কোনো আচরণ, মতভেদ কিংবা দাম্পত্য কলহ স্বামীকে তার প্রতি নির্যাতন, শারীরিক আঘাত কিংবা হত্যার অধিকার দেয় না। একজন স্ত্রীও স্বতন্ত্র মানুষ। তার রয়েছে নিজস্ব মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার।
দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটলে আইনসম্মতভাবে বিচ্ছেদের পথ খোলা রয়েছে, কিন্তু সহিংসতার কোনো বৈধতা নেই। ক্রোধের মুহূর্তে সংঘটিত নিষ্ঠুরতা শুধু একটি জীবন কেড়ে নেয় না, বরং সন্তানদের ভবিষ্যৎও বিপর্যস্ত করে। সমাজকে উপলব্ধি করতে হবে, স্ত্রী স্বামীর সম্পত্তি নন; তিনি একজন স্বতন্ত্র মানুষ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালোবাসার সম্পর্কে অধিকার থাকতে পারে, কিন্তু নির্যাতনের অধিকার কারও নেই।
পর্যবেক্ষণে আরও বলা হয়, মামলাটির সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, আসামি মো. নুরুল আবসার তার স্ত্রী ভিকটিম মোছা. খাবিরুন নেছাকে হত্যা করেছেন। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে ভিকটিমের শরীরে ব্যাপক মারধরের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণিত হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে আসামি নুরুল আবসারের সঙ্গে ভুক্তভোগী মোছা. খবিরুন নেছার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নুরুল আবসার প্রায়ই তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে হাত-পা বেঁধে মারধর করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে স্বামীর বাসায় ফিরে আসেন খবিরুন নেছার। পরদিন ১১ সেপ্টেম্বর সকালে নুরুল আবসার তাকে মারধর করে বাসা থেকে চলে যায়। ওইদিন দুপুরের দিকে ভাড়াটিয়ারা ভিকটিম খবিরুনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের ভাই বাদী মো. জুব্বার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে মামলায় গ্রেপ্তার হওয়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল আবসার। সেখানে স্ত্রীর পরকীয়ার কথা উল্লেখ করে কলহের শুরু হয় বলে জানান তিনি।
মামলাটির তদন্ত শেষে ২০২৪ সালের ২২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম।
একই বছরের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত।
আজকালের খবর/ এমকে