সরকারি ভবনের অব্যবহৃত ছাদে বেসরকারি বিনিয়োগে সৌরবিদ্যুৎ উৎপাদনের পথ খুলে দিয়েছে সরকার। এ জন্য বিশেষ অধ্যাদেশ জারির পর উদ্যোক্তা নির্বাচন, বিদ্যুৎ বিক্রি, মূল্য নির্ধারণ ও চুক্তির শর্ত চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানকে নিজস্ব অর্থ বিনিয়োগ করতে হবে না। ভবনের ছাদ ব্যবহারের বিনিময়ে উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনা মূল্যে পাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অবশিষ্ট বিদ্যুৎ বিক্রি করে বিনিয়োগের অর্থ তুলে নেবেন বেসরকারি উদ্যোক্তারা। এ জন্য ১৫ বছরের চুক্তি করা হবে। প্রকল্প বাস্তবায়নে সারা দেশে প্রাথমিকভাবে ৮ হাজার ২৩৬টি উদ্যোক্তা প্রতিষ্ঠান বাছাই করেছে বিদ্যুৎ বিভাগ।
সরকারের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলা। নির্ধারিত সময়ের মধ্যে চালু হওয়া যোগ্য প্রকল্পের উদ্বৃত্ত বিদ্যুৎ ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার ব্যবস্থা রাখা হয়েছে। তবে বিপুলসংখ্যক প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন, উদ্যোক্তাদের কারিগরি সক্ষমতা ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে।
বিদ্যুৎ বিভাগের ১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) ও মূলধনি ব্যয়ভিত্তিক (ক্যাপেক্স) মডেলে প্রকল্প বাস্তবায়নের শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনটি ১ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে। এর আগে ১৯ অক্টোবর বিশেষ অধ্যাদেশ জারি করা হয়। এতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনসহ উপযুক্ত স্থাপনায় সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের সুযোগ রাখা হয়েছে।
বিনা মূল্যে বিদ্যুৎ, অতিরিক্ত ব্যবহারে ছাড়
প্রজ্ঞাপন অনুযায়ী, ওপেক্স মডেলে বেসরকারি উদ্যোক্তা সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ ব্যয় বহন করবেন। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ছাদ ব্যবহারের সুযোগ দেবে। বিনিময়ে উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনামূল্যে পাবে। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করলে প্রচলিত খুচরা মূল্যের তুলনায় ২০ শতাংশ ছাড় পাবে।
সাধারণ সরকারি দপ্তরের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা মূল্য ১৩ টাকা ৮২ পয়সা ধরে ছাড়ের পর মূল্য দাঁড়ায় প্রায় ১১ টাকা ৬ পয়সা। বড় সরকারি দপ্তর বা কমপ্লেক্সের ক্ষেত্রে ১২ টাকা ৫৪ পয়সা ধরে মূল্য দাঁড়ায় প্রায় ১০ টাকা ৩ পয়সা। তবে শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতালের এলটি-ডি১ শ্রেণির গ্রাহকদের জন্য প্রতি ইউনিট ৮ টাকা ৫০ পয়সা হারে বিল নির্ধারণের বিশেষ বিধান রয়েছে।
১৫ বছরের চুক্তি, মেয়াদ শেষে বিনা মূল্যে হস্তান্তর
প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। এ সময়ে সৌরবিদ্যুৎকেন্দ্রের মালিকানা ও পরিচালনার দায়িত্ব বিনিয়োগকারীর কাছে থাকবে। মেয়াদ শেষে কেন্দ্রটি ছাদমালিকের কাছে বিনা মূল্যে হস্তান্তর করতে হবে। তবে উভয় পক্ষের সম্মতিতে চুক্তি নবায়ন করা যাবে।
উদ্যোক্তা নির্বাচনে কারিগরি ও আর্থিক সক্ষমতা যাচাই করা হবে। যে প্রতিষ্ঠান উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ অংশ বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করবে, তাকে অগ্রাধিকার দেওয়া হবে। একাধিক প্রতিষ্ঠানের প্রস্তাব সমান হলে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে।
প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে সরকারি ক্রয়প্রক্রিয়ার কিছু বিধান শিথিল করা হয়েছে। ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্রের আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ সৌরবিদ্যুৎ প্রকল্পে ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়নি।
তিন বছর বিশেষ মূল্যে বিদ্যুৎ কেনার ব্যবস্থা
উৎপাদিত বিদ্যুৎ ছাদমালিক ব্যবহারের পর অতিরিক্ত অংশ নেট মিটারিংয়ের মাধ্যমে গ্রিডে সরবরাহ করা যাবে। এ ক্ষেত্রে নেট রপ্তানিকৃত বিদ্যুতের ১০ শতাংশ বিতরণ সংস্থা কর্তন করবে। অবশিষ্ট ৯০ শতাংশ হিসাবভুক্ত হবে। বিতরণ সংস্থা তিন মাস পরপর উদ্যোক্তাকে বিল পরিশোধ করবে।
২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যোগ্য প্রকল্পগুলো ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেট রপ্তানিকৃত বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবে। এরপর সরকার নির্ধারিত মূল্য কার্যকর হবে।
২০৩০ সালের মধ্যে সাড়ে ৫ হাজার মেগাওয়াটের লক্ষ্য
বিদ্যুৎ বিভাগের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ৫ হাজার ৫০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একই সময়ে ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে।
কৌশলপত্র অনুযায়ী, দেশে বর্তমানে নবায়নযোগ্য বিদ্যুতের সক্ষমতা প্রায় ২ হাজার মেগাওয়াট। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জন করতে প্রায় ১২ হাজার থেকে ১৪ হাজার মেগাওয়াট সক্ষমতা প্রয়োজন হবে। অর্থাৎ আরও প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার মেগাওয়াট সক্ষমতা যুক্ত করতে হবে।
বিনিয়োগ ও সক্ষমতা নিয়ে প্রশ্ন
৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে তুলতে আনুমানিক ২৫ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। সে হিসাবে প্রতি মেগাওয়াটে গড় বিনিয়োগ প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে উদ্যোক্তাদের অর্থায়নে সরকারের ঘোষিত প্রাথমিক তহবিল ১ হাজার ৫০০ কোটি টাকা, যা সম্ভাব্য মোট বিনিয়োগের মাত্র ৬ শতাংশ।
খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা, ভবনের কাঠামোগত সক্ষমতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। ধুলাবালির কারণে সৌর প্যানেলের উৎপাদন দক্ষতা কমার ঝুঁকিও রয়েছে। দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তি ও প্রণোদনার কারণে সরকারের ভবিষ্যৎ আর্থিক দায় কতটা হবে, সেটিও মূল্যায়ন করা জরুরি। পাশাপাশি সরকারি ক্রয়বিধিতে ছাড় দেওয়ায় উদ্যোক্তা নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কত মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা বাস্তবে যুক্ত হয়, সেটিই হবে উদ্যোগটির সফলতার প্রধান পরীক্ষা।
আজকালের খবর/ এমকে