পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বহুল প্রতীক্ষিত ‘পাওয়ার স্টার্টআপ’ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন মিলেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন প্রদান করে।
অনুমোদন মেলার মাধ্যমে প্রথম ইউনিটে এই প্রথমবার স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর নিয়ন্ত্রিত বিভাজন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এর ফলে পারমাণবিক চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি তথা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ইতিপূর্বে পরিচালিত সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় এই গতি পেল প্রকল্পটি।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) গাইডলাইন মেনে এবং রাশিয়ার সরাসরি সহযোগিতায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের স্টেজ ‘বি-ওয়ান’ সফলভাবে সমাপ্ত হয়েছে।
সম্প্রতি স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার যে জটিলতা ছিল, তা-ও নিরসন করা হয়েছে।
পরবর্তী ধাপ ‘বি-টু’-তে প্রাথমিক অপারেশনের জন্য পারমাণবিক চুল্লিকে সম্পূর্ণ প্রস্তুত করা হয়, যার পরপরই শুরু হয় ‘ক্রিটিক্যালিটি’ পর্যায়। এই ধাপে বিদ্যুৎ উৎপাদন ধীরে ধীরে বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে উন্নীত করা গেলে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করা সম্ভব হবে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ‘ভিভিইআর-১২০০’ রিঅ্যাক্টরের প্রারম্ভিক লোডিংয়ের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ কাজ শুরু করেছে রাশিয়া।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’।
আজকালের খবর/বিএস