
বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে সাতটি দেশের আটজন বিদেশি প্রশিক্ষণার্থীসহ মোট ১২ জন অংশ নেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়ার আটজন বিদেশি প্রশিক্ষণার্থী অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর দুজন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের দুজন প্রশিক্ষণার্থী কোর্সটি সম্পন্ন করেন।
প্রথমবারের মতো আয়োজিত এ আন্তর্জাতিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোর্সটির মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাগত জ্ঞান, নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার দক্ষতা এবং মানব পাচার প্রতিরোধে সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা ও তথ্য বিনিময় এবং পারস্পরিক সমন্বয় জোরদারের সুযোগ সৃষ্টি হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ সক্ষমতা ও পেশাদারত্বের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে মানব পাচার, অবৈধ অভিবাসন ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আয়োজন বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা তুলে ধরতে ভূমিকা রাখবে।
ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজকালের খবর/কাওছার আল হাবীব