বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
নির্মাণসামগ্রীর সর্বোত্তম ব্যবহার নিয়ে এলজিইডির কর্মশালা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১১)
জলবায়ু সহনশীল ও টেকসই অবকাঠামো নির্মাণে মানসম্পন্ন নির্মাণসামগ্রীর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে একটি অন্তর্বর্তীকালীন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এলজিইডির অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এ কর্মশালার আয়োজন করে। এতে নির্মাণসামগ্রীর সর্বোত্তম চর্চা নিরূপণবিষয়ক সমীক্ষার অগ্রগতি ও প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ। তিনি বলেন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে নির্মাণসামগ্রীর গুণগত মান ও টেকসই ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে উপযুক্ত নির্মাণসামগ্রীর সর্বোত্তম ব্যবহার চিহ্নিত করতে হবে। এসব চর্চা এলজিইডির সংশ্লিষ্ট সব পর্যায়ে প্রয়োগের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। তিনি বলেন, সমীক্ষাটি এলজিইডির জন্য অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই অবকাঠামো নির্মাণে স্থানীয়ভাবে সহজলভ্য, পরিবেশবান্ধব ও মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহারের বিকল্প নেই। ক্রিলিকের এ উদ্যোগের মাধ্যমে নির্মাণসামগ্রী ব্যবহারের সর্বোত্তম চর্চাগুলো মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় সমীক্ষার জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ইকিউএমএস কনসালটিং লিমিটেডের টিম লিডার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র মেটেরিয়াল স্পেশালিস্ট মো. গোলাম মাওলা এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় মজুমদার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তাঁদের পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেন।

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিনিয়র সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক এবং ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft