শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
ফ্লাভিয়ার লক্ষ্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ২)
মডেলিং, অভিনয় ও সৃজনশীল শিল্পচর্চাকে সঙ্গী করে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন ফ্লাভিয়া ইসলাম। গত আট বছরের অভিজ্ঞতা, নানা চ্যালেঞ্জ এবং প্রতিকূলতার মধ্যেও তিনি থেমে থাকতে চাননি। তাঁর লক্ষ্য আন্তর্জাতিক মডেলিং অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।

ইংরেজি মিডিয়ামে শিক্ষিত ফ্লাভিয়া ইসলামের রয়েছে ভারতীয় শিকড়। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি ইভেন্ট হোস্টিং, ডিজে পারফরম্যান্স এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে তাঁর আগ্রহ রয়েছে। বহুমুখী প্রতিভার অধিকারী এই তরুণী নিজেকে একজন দক্ষ ও আন্তর্জাতিক মানের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। একই সঙ্গে অভিনয়শিল্পী হিসেবেও নিজের পরিচিতি আরও বিস্তৃত করার স্বপ্ন দেখছেন। 

মিডিয়া অঙ্গনে নিজের যাত্রাকে সমৃদ্ধ করতে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন ফ্লাভিয়া। ২০২২ সালে ‘মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন তিনি। এরপর ২০২৫ সালে ‘বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেন। এসব অভিজ্ঞতা তাঁর আত্মবিশ্বাস ও পেশাগত পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ছোটবেলা থেকেই বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ ছিল তাঁর। বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছেন। বাফা থেকে নৃত্যশিক্ষা গ্রহণ করেছেন ফ্লাভিয়া। চিত্রকলায়ও রয়েছে তাঁর প্রশিক্ষণ ও সার্টিফিকেশন। পাশাপাশি গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন সৃজনশীল বিষয়ে আগ্রহ তাঁকে অন্যদের থেকে আলাদা পরিচয় গড়ে তুলতে সহায়তা করছে। 

অভিনয়েও কাজের অভিজ্ঞতা রয়েছে ফ্লাভিয়ার। দীপ্ত টিভিতে প্রচারিত ওয়েব সিরিজ ‘দ্য ক্রিমিনালস’-এ কাজ করেছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিয়মিত কাজ করে নিজের দক্ষতা আরও বিকশিত করতে চান এই তরুণী।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফ্লাভিয়ার স্বপ্ন, আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক মডেলিং জগতে শক্ত অবস্থান তৈরি করা। তাঁর ভাষায়, ‘এতটাই পরিশ্রম করো, যেন একদিন কেউ তোমার প্রতিভাকে উপেক্ষা করতে না পারে।’ আট বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে চান ফ্লাভিয়া ইসলাম। আন্তর্জাতিক মডেলিং ও অভিনয়জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন তিনি। তাঁর কাছে এই যাত্রা শুধু পরিচিতি অর্জনের নয়, বরং দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লড়াই।

আজকালের খবর/আতে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft