যশোরের মনিরামপুরের একই পরিবারের চারজন গিয়েছিলেন কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে তারা নিখোঁজ রয়েছেন।
পৌর শহরের মোহনপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান (৪০), তাঁর স্ত্রী আফসানা , এবং তাঁদের দুই কন্যা রোবাইনা ও সুনাইনা। অগ্নিকান্ডে তাদের বর্তমান পরিস্থিতি নিশ্চিত করতে পারেনি পরিবারের সদস্যরা। ইতিমধ্যে নাহিদুর রহমানের ভাই জাহিদুর রহমান ঘটনাস্থলে পৌঁছেছেন।
টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টের ইনভয়েস সূত্রে জানা যায়, নাহিদুর রহমান ১৬ থেকে ১৮ অক্টোবর দুই রাতের জন্য ২০২ নম্বর সুপার ডিলাক্স কক্ষ বুক করেছিলেন। সাথে ছিল তার স্ত্রী আফসানা, সাত বছর বয়সী কন্যা রোবাইনা, তিন বছর বয়সী কন্যা সুনাইনা।
নিখোঁজ নাহিদুর রহমান ঢাকার শ্যামলীতে অবস্থিত গ্র্যান্ড পাওয়ার লিমিটেডে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এবং মিরপুরের শেওড়াপাড়ায় বসবাস করতেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে নাহিদুরের সাথে কোন যোগাযোগ করতে না পারায় পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকন্ঠায় আছেন।
আজকালের খবর/রাশেদুল মিলন