সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, সুশাসন নিশ্চিত করে সমাজকে বাসযোগ্য করে তুলতে চায় সরকার। এ জন্য মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন ও সুশাসনের প্রশ্নে কোনো আপস করা হবে না। সরকার দায়িত্ব গ্রহণের পর প্রাথমিক পর্যায়ে নমনীয়তার যে নীতি অনুসরণ করেছিল, সেই পর্যবেক্ষণকাল ইতোমধ্যে অতিক্রম হয়েছে। এখন সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। প্রশাসনিক অবহেলা বা গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না। এমনকি দলের কোনো ব্যক্তি অন্যায় করলে তাঁর বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে সরকার। মেয়াদ শেষে আবারও জনগণের কাছে যেতে হবে। তাই জনগণের প্রত্যাশা পূরণ, জীবনমান উন্নয়ন এবং সমাজকে বাসযোগ্য করে তুলতে সরকার কাজ করে যেতে চায়। এ কাজে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে ফারজানা শারমীন বলেন, সমাজকে বাল্যবিবাহের অভিশাপ থেকে বেরিয়ে আসতে হবে। যারা এ আইন লঙ্ঘন করবে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে কিশোর গ্যাংসহ অন্যান্য সামাজিক অপরাধ দমনে আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করার আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও প্রার্থনা করতে বলেন তিনি। দেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নিজেদের পরিবারের জন্য যেভাবে দোয়া কামনা করেন, তাঁদের জন্যও সেভাবে দোয়া করবেন।
সভা শেষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বাগাতিপাড়া উপজেলার পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে সরকারি বরাদ্দের চালের ডিও (বরাদ্দপত্র) তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, কৃষকদের মধ্যে চার্জারচালিত স্প্রে মেশিন এবং খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্যসচিব মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন ও আব্দুর রশীদ চৌধুরী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল লালপুর উপজেলায় অনুরূপ একাধিক কর্মসূচিতে অংশ নেন।
আজকালের খবর/বিএস