সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সৈকত হালদারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থী সৈকত হালদার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র (রোল: ১১৮৬, রেজিস্ট্রেশন নম্বর: ২০২২২০৫৫৭৯২) এবং তিনি শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।
অফিস আদেশে বলা হয়, সৈকত হালদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে, যা পেনাল কোড ১৮৬০-এর ২৯৫ (ক) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ এর ২ (গ) ধারা অনুযায়ী 'অসদাচরণ'-এর অভিযোগ তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য একই অধ্যাদেশের ৪ (১) (ক) ধারা অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদকে সদস্য-সচিব করা হয়েছে।
এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- আইবিএ-জেইউ-এর অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের ওয়ার্ডেন ড. মো. আলমগীর কবির।
কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
আজকালের খবর/বিএস