শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
খুলনায় পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:০৪ পিএম   (ভিজিট : ০)
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী ও বড় আসর ঘিরে পুনরায় প্রাণচাঞ্চল্য ও নতুন উদ্দীপনা ফিরে এসেছে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। আজ থেকে পর্দা উঠলো ২৮তম জাতীয় ক্রিকেট লিগের।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি পরিচালক, নারী উইংয়ের ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।

এ সময় বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম ও শফিকুল ইসলাম হোসেনসহ বিসিবি ও ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঘোষিত সূচি অনুযায়ী, আজ থেকে দেশের আটটি বিভাগীয় দল নিয়ে শুরু হয়েছে ৪ দিনের এই ক্রিকেট মহাযজ্ঞ। প্রথম রাউন্ডেই স্বাগতিক খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ। পুরো টুর্নামেন্টে প্রতিটি দল মোট ৭ টি করে ম্যাচ খেলবে। আগামী ১৭ নভেম্বর টুর্নামেন্টের পর্দা নামবে।

এরআগে শুক্রবার বিকেলে খেলার সর্বশেষ প্রস্তুতি দেখতে খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করে বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিনের নেতৃত্বে বিসিবি’র টেকনিক্যাল টিম।

বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিন বলেন, এনসিএলের ম্যাচ আয়োজনের মধ্যদিয়ে দীর্ঘদিন পর খুলনায় জাতীয় পর্যায়ের ক্রিকেট মাঠে গড়ালো। মাঠে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিসিবি থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি জানান, কেবল এনসিএল নয়, আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘ডি-থ্রি’ টুর্নামেন্টের ম্যাচগুলোও খুলনা বিভাগীয় স্টেডিয়ামে আয়োজনের জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। বিসিবি টিমের এই পরিদর্শনের প্রধান উদ্দেশ্য ছিল এনসিএল সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি ডি-থ্রি ও ভবিষ্যতে বিসিবি’র পরিকল্পিত বড় পরিসরের ঘরোয়া টি-টোয়েন্টি আসরের ভেন্যু হিসেবে খুলনার সক্ষমতা যাচাই করা। যদিও ভেন্যুর কিছু সংস্কার কাজ এখনও চলমান রয়েছে।

এদিকে, এনসিএলের এই ম্যাচ শুরুর মধ্যদিয়ে খুলনায় আবারও নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রিকেট ফেরানোর দুয়ার উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ক্রীড়ামোদী ও আয়োজকরা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft