বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচে প্রথমার্ধেই ৪ গোল
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৯)
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও স্বস্তিতে নেই ব্রাজিল। ব্রিসবেনের ল্যাং পার্কে প্রথমার্ধ শেষে স্কোরলাইন ২-২। এর আগে টাউনসভিলে দুই দলের প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত দিয়ে তৈরি আক্রমণ থেকে ভান্দেরসন দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান। দ্রুত গোল হজম করলেও অস্ট্রেলিয়া নিজেদের ছন্দ হারায়নি।

২৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। মেটকাফের নেওয়া কর্নার ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথায় লেগে বল চলে যায় দূরের পোস্টে থাকা আলেসান্দ্রো সিরকাটির কাছে। দারুণ ভঙ্গিতে পা ছুঁইয়ে বল জালে পাঠান অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার। গোলটি অফসাইড কি না, তা দেখতে ভিএআরের সাহায্য নিলেও গোল বহাল থাকে।

৩৩তম মিনিটে লিড নেয় অস্ট্রেলিয়া। আলেসান্দ্রোর বাড়ানো বলে জাল খুঁজে পান কনর মেটকেলফ। তাতে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

পিছিয়ে পড়ার পর ৪৫তম মিনিটে আবার ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে আসা দানিলো অস্ট্রেলিয়ার বক্সে ঢোকার সময় হ্যারি সাউটার তার পায়ের সামনে ঝাঁপিয়ে পড়েন। দানিলোর পায়ে আঘাত লাগায় তিনি পড়ে গেলে প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। পরে ভিএআরের পরামর্শে পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি।

স্পটকিকের দায়িত্ব নেন রাফিনিয়া। ব্রাজিলের অধিনায়ক নিচু শটে বল পাঠান গোলের নিচের কোণায়। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, কিন্তু শটের গতি এতটাই বেশি ছিল যে বল ঠেকাতে পারেননি।

এই গোলের ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ২-২ সমতায় ফেরে ব্রাজিল।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft