শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ এএম   (ভিজিট : ০)
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া চারটি ড্রোন ও দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি এ তথ্য জানান।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানান, খামিস মুশাইতের আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ধ্বংস করা হয়। অপর একটি ক্ষেপণাস্ত্র জাজান এলাকায় প্রতিহত করা হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতের আবাসিক এলাকায় পড়ে। এতে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থলে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আল-মালিকি বলেন, হুথিদের হামলা প্রতিহত করা এবং তাদের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা অব্যাহত রাখবে।

সৌদি আরবকে লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। এর আগে শনিবার রিয়াদমুখী দু’টি ড্রোন এবং খামিস মুশাইতের দিকে ছোড়া দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। তার দুই দিন আগে ইয়ানবু ও তাইফের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট। সূত্র: আরব নিউজ ও আল-জাজিরা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft