শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
ইয়েমেনের রাজধানী সানাসহ ও তিন প্রদেশে সৌদির বিমান হামলা
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ এএম   (ভিজিট : ২)
ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির তিন প্রদেশে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার এ হামলা হয়।

শুক্রবার (২ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের দাবি, সৌদি যুদ্ধবিমান সানা ছাড়াও সাদা, তাইজ ও আমরান প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোন কোন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, হতাহতের সংখ্যা কত কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানানো হয়নি।

এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতিদের অবস্থান ও সমাবেশস্থল লক্ষ্য করে ২৭টি বিমান হামলা চালানো হয়েছে।

সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেন, হামলায় হুতিদের ক্ষেপণাস্ত্রের গুদাম, কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, অস্ত্র ও সরবরাহের স্থাপনা, যোদ্ধাদের অবস্থান এবং সামরিক যানবাহন লক্ষ্য করা হয়েছে।

তার দাবি, এসব হামলায় বেশ কয়েকটি সামরিক যান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। এতে হুতিদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত ও জাজানের দিকে হুতিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

আল-মালিকি আরও দাবি করেন, এ ছাড়া মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে একটি হুতি ড্রোন হামলা চালানো হয়। সৌদি জোটের ভাষ্য অনুযায়ী, ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে জোটটি।

তবে মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগও অস্বীকার করেছে হুতিরা। সংগঠনটির দাবি, সৌদি আরব তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। সূত্র: আনাদোলু এজেন্সি

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft