নিকলীতে উৎসাহ, উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গতকাল শুক্রবার নিকলী সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে নিকলী ঘোড়াউত্রা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বৃহত্তর সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার মোট ১২টি বড় দৌড়ের নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার মহরকোণা গ্রামের একতা যুব সংঘের নৌকা প্রথম স্থান অধিাকর করে। প্রথম পুরস্কার পেয়েছে মোটরসাইকেল, ২য় স্থান অধিকার করেছেন একই উপজেলার টিক্কল হাটি গ্রামের অ্যাড. মানিক মিয়ার নৌকা ও তার দল (ফ্রিজ) এবং ৩য় স্থান লাভ করেছেন সরাইল উপজেলার বয়েস ক্লাব (এলইডি টিভি)। এ ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পরাজয়কারী নৌকাগুলোকে বিভিন্ন শান্তনা পুরস্কারে সম্মানিত করা হয়।
প্রতিযোগিতা শেষে নিকলী সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মানিক মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জ-৫ (নিকলী -বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিকলী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মোকারম সর্দার, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া।
নিকলী উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলার লক্ষাধিক দর্শক এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
আজকালের খবর/বিএস