প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম (ভিজিট : ২১)
ফিল্ম ডিরেক্টরস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। ছবি : সৌমিক হাসান সোহাগ
‘আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব, আগামীতে যেন এমন সিনেমা নির্মিত হয়, যেগুলো সবই আমাদের কথা বলবে। আমরা চাই এমন সিনেমা নির্মিত হোক, যেগুলো সমাজকে পরিবর্তন করবে’— এমন আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মন্তব্য করেন আন্দালিব রহমান পার্থ।
বুধবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪৫ বছর পূর্তিতে আয়োজিত দিনব্যাপী ‘‘ফিল্ম ডিরেক্টরস ডে’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
সমিতির সভাপতি শাহীন সুমনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আগের সিনেমাগুলো আমরা শুধু দেখতামই না, সেগুলো আমাদের হৃদয়ে থেকে যেত। কোনো না কোনো ইতিবাচক বার্তা আমাদের হৃদয়ে গেঁথে থাকত। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব, আগামীতে যেন এমন সিনেমা নির্মিত হয়, যেগুলো সবই আমাদের কথা বলবে। আমরা চাই এমন সিনেমা নির্মিত হোক, যেগুলো সমাজকে পরিবর্তন করবে।’
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সিনেমার উন্নতির জন্য আমাদের কাছে একটি পরিপূর্ণ রিপোর্ট চেয়েছিলেন। সিনেমা ও এফডিসির উন্নতির জন্য যা যা করা দরকার, আমরা খুব শিগগিরই সেগুলো বাস্তবায়ন করব। আমি নিজেও একজন ফিল্মমেকার হতে চেয়েছিলাম, এ কারণে এই সেক্টর নিয়ে আমার আগ্রহ একটু বেশি।’
স্বাগত বক্তৃতায় সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল বলেন, ‘যাদের মাধ্যমে আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে, তাদের অনেকেই হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পাননি। আবার অনেকে পেয়েছেন। পরিচালক সমিতির পক্ষ থেকে আমরা গুণীদের সম্মাননা জানিয়েছি। আমাদের চেষ্টা থাকবে প্রতি বছর ৩ আগস্ট এই দিনটি পালন করার। কারণ এই দিনে ‘মুখ ও মুখোশ’ মুক্তি পেয়েছিল।’
আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন বলেন, ‘অনেক পরিচালকের সঙ্গে এই প্রজন্মের অনেকের যোগাযোগ নেই। যারা গুণী নির্মাতা, তাদের চলচ্চিত্র আমাদের চলচ্চিত্রকে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। এ কারণে পরিচালক সমিতি গুণীজনদের সম্মাননা দিয়েছে।’
চলচ্চিত্রে সামগ্রিক অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় পরিচালক কাজী হায়াৎ, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল, আওকাত হোসেন ও কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে।