ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেওয়ান নাহিদ হাসান ওরফে কালু (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার (২৮ আগস্ট) রাতে সদর উপজেলার আনসার ভিডিপি কার্যালয়ের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সদর থানাধীন কাউতলী মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আনসার ভিডিপি কার্যালয়ের পাশের পাকা সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তার পরিহিত নীল রঙের জিন্স প্যান্টের ডান পকেটে থাকা দুটি কালো রঙের বায়ুরোধক পলি জিপার প্যাকেট থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দেওয়ান নাহিদ হাসান ওরফে কালু গাজীপুর জেলার কালীগঞ্জ থানার উত্তর ভাদার্তী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. কামাল উদ্দিন দেওয়ান।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা ইয়াবা ট্যাবলেট ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাব-৯-এর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
আজকালের খবর/বিএস