বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
ঢাকায় সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব শুরু ২২ আগস্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:৫৮ এএম   (ভিজিট : ১০)
ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং রাজধানীর সমৃদ্ধ অতীতকে স্মরণে রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকাই চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে বাছাই করা ১৩টি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র সপ্তাহব্যাপী প্রদর্শন করা হবে। একই সঙ্গে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ জন প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, গীতিকার ও চিত্রগ্রাহকসহ বিশিষ্ট কুশলীকে সম্মাননা দেওয়া হবে।

আগামী ২২ আগস্ট শনিবার বিকেল ৪টায় মধুমিতা সিনেমা হলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

যেসব চলচ্চিত্র প্রদর্শিত হবে

২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে আব্দুল জব্বার খানের ‘মুখ ও মুখোশ’।

২৩ আগস্ট বিকেল ৩টায় খান আতাউর রহমানের ‘নবাব সিরাজদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় বশির হোসেনের ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’ প্রদর্শিত হবে।

২৪ আগস্ট বিকেল ৩টায় জহির রায়হানের ‘জীবন থেকে নেওয়া’ এবং সন্ধ্যা ৬টায় গাজী মাজহারুল আনোয়ারের ‘নান্টু ঘটক’ প্রদর্শিত হবে।

২৫ আগস্ট বিকেল ৩টায় আজিজুর রহমানের ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় জহিরুল হকের ‘রংবাজ’ প্রদর্শিত হবে।

২৬ আগস্ট বিকেল ৩টায় সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় অশোক ঘোষের ‘নাচের পুতুল’ প্রদর্শিত হবে।

২৭ আগস্ট বিকেল ৩টায় এহতেশাম পরিচালিত ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় শেখ নিয়ামত আলীর ‘দহন’ প্রদর্শিত হবে।

উৎসবের শেষ দিন ২৮ আগস্ট বিকেল ৩টায় দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় কাজী জহিরের ‘বধু বিদায়’ প্রদর্শনের মধ্য দিয়ে চলচ্চিত্র প্রদর্শনী শেষ হবে।

ডিএসসিসি জানায়, ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ স্লোগানকে সামনে রেখে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্র উৎসবের পাশাপাশি সাইকেল র‍্যালি, ম্যারাথন, বৃক্ষমেলা, মঞ্চনাটক, সাঁতার, নৌকা বাইচ ও নগর পরিচ্ছন্নতা অভিযানের মতো বিভিন্ন নাগরিক উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশিষ্ট অভিনয়শিল্পী দিলারা জামান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী (শিবা শানু), মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপক ইফতেখার উদ্দিন নওশাদসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি উদার, আধুনিক ও সংস্কৃতিবান্ধব ঢাকা বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত এ উৎসব সফল করতে সংবাদমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft