নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’। রোববার (৯ আগস্ট) শুরু হওয়া এ সম্মেলন চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। এতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য—‘সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য মাতৃভাষা সাংবাদিকতা’।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া শিয়াবুর রহমান।
বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—দৈনিক বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দৈনিক আজকালের বিশেষ প্রতিবেদক মো. জিয়াউর রহমান, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, দৈনিক আজকের প্রভাতের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আবু বকর সিদ্দিক, দৈনিক অমর বাংলার নির্বাহী সম্পাদক পান্না জামান, চ্যানেল-এস টেলিভিশন অনলাইনের শাহনাজ বেগম, এশিয়ান টিভির প্রতিবেদক ইরফান উদ্দিন ইরো এবং ডেইলি চ্যালেঞ্জের প্রতিনিধি অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি।
এ ছাড়া বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং দ্য বাংলাদেশ পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আবদুর রহমান।
সম্মেলনে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তিন প্রভাষক—জুবায়ের আহমেদ (সমন্বয়ক), কেয়া বোস ও ফরহাদ আলম।
বিশ্বের প্রায় ৩০ দেশের সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনের আয়োজক ফেডারেশন অব নেপালি ইন্ডিজিনাস ন্যাশনালিটিজ জার্নালিস্টস (ফোনিজ)। সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম। সম্মেলনের সহ-আয়োজক হিসেবে রয়েছে তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা ও মাগার সাংবাদিক সমিতি। সম্মেলন সমন্বয় করছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।
আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিভিন্ন দেশের সাংবাদিক ও গবেষকরা গবেষণাপত্র ও কার্যপত্র উপস্থাপন করবেন। এতে দেশ-বিদেশের বিশেষজ্ঞরাও অংশ নেবেন।
সম্মেলনের অংশ হিসেবে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হবে। পাশাপাশি নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ারও উদ্যোগ রয়েছে।
আয়োজকদের মতে, মাতৃভাষা সাংবাদিকতার পেশাদারিত্ব বৃদ্ধি, সরকারি নীতিতে এর গুরুত্ব প্রতিষ্ঠা এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করাই এ সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য।
আজকালের খবর/ এমকে