বুধবার ১৯ আগস্ট ২০২৬
ওয়াসা বোর্ডে প্রতিনিধি নিয়োগ বাতিলের দাবি বিএফইউজের
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ২৪)
গত ৩০ জুলাই স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার এক প্রজ্ঞাপনে শফিকুল ইসলাম ওরফে শফিক আহমেদকে ঢাকা ওয়াসা বোর্ডের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৬(১) উল্লেখ করা হয়েছে। কিন্তু বিএফইউজের নির্বাচিত নেতৃত্বের দাবি, শফিকুল ইসলাম ওরফে শফিক আহমেদকে ঢাকা ওয়াসা বোর্ডে সংগঠনের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত বা অনুমোদন নেই। সংগঠনের সভাপতি ও মহাসচিবসহ শীর্ষ নেতৃত্বও এ নিয়োগের বিষয়ে কোনোভাবেই অবগত ছিলেন না বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ হলো, বিএফইউজের নির্বাচিত নির্বাহী কমিটির কোনো মনোনয়ন, সিদ্ধান্ত বা অনুমোদন ছাড়াই তাকে সংগঠনটির প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এই শফিকুল ইসলাম ওরফে শফিক আহমেদ একাত্তর টিভির হেড অব নিউজ হিসেবে কর্মরত। শুধু তাই নয়, শফিকুল ইসলাম ওরফে শফিক আহমেদকে তথ্য অধিদপ্তরের এক্রিডিটেশন কার্ড কমিটির সদস্য হিসেবেও রাখা হয়েছে। 

বিএফইউজের সাংগঠনিক সম্পাদক মো. এরফানুল হক নাহিদ গত ১৭ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঢাকা ওয়াসার বিএফইউজের প্রতিনিধি হিসেবে নিয়োগের ৩০-০৭-২০২৬ তারিখের প্রজ্ঞাপনটি বাতিল পূর্বক নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে বিএফইউজের নির্বাচিত কমিটি থেকে ঢাকা ওয়াসার প্রতিনিধি নিয়োগের দাবি জানানো হয়েছে। 

অভিযোগে তিনি বলেন, বিএফইউজে একটি নিবন্ধিত সংগঠন এবং বর্তমানে এর ১৯ সদস্যের নির্বাচিত নির্বাহী কমিটি রয়েছে। ঢাকা ওয়াসা বোর্ডে বিএফইউজের প্রতিনিধি মনোনয়নের ক্ষেত্রে সংগঠনের নির্বাচিত নেতৃত্বের সিদ্ধান্তই অনুসরণ করা হয়েছে এযাবতকাল। অথচ এবার সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে শফিকুল ইসলাম ওরফে শফিক আহমেদকে সংগঠনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রশ্ন উঠেছে বিএফইউজের প্রতিনিধি হিসেবে শফিকুল ইসলাম ওরফে শফিক আহমেদের নাম মন্ত্রণালয়ের কাছে কে প্রস্তাব করল? কোন নথির ভিত্তিতে তাকে সংগঠনটির প্রতিনিধি হিসেবে চিহ্নিত করা হলো? এবং নিয়োগের আগে মন্ত্রণালয় কি বিএফইউজের নির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে বিষয়টি যাচাই করেছিল? 

সরকারি প্রজ্ঞাপনে আইনের ধারা উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি মনোনয়নের ক্ষেত্রে সংগঠনের অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, সেটিই এখন মূল প্রশ্ন। বিএফইউজের অভিযোগ সত্য হলে নিয়োগের পুরো ফাইল, প্রস্তাব, সুপারিশপত্র এবং শফিক আহমেদকে বিএফইউজের প্রতিনিধি হিসেবে বিবেচনা করার নথি প্রকাশ করা প্রয়োজন। একই সঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংগঠনের নির্বাচিত নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে মনোনয়ন যাচাই করা হয়েছিল কিনা, সেটিও স্পষ্ট হওয়া দরকার। 

একটি সংগঠনের নির্বাচিত নেতৃত্ব যদি দাবি করে যে তারা কাউকে মনোনয়ন দেয়নি, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কীভাবে সেই সংগঠনের প্রতিনিধি হিসেবে সরকারি কোনো পদে অন্তর্ভুক্ত করা হলো এ প্রশ্নের উত্তর এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দিতে হবে।

বিএফইউজের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সংগঠনের নির্বাহী কমিটির বাইরে কাউকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়ার নজির নেই। তাদের আশঙ্কা, বিভ্রান্তিকর তথ্য কিংবা জালিয়াতির আশ্রয় নিয়ে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল করে থাকতে পারেন। তদন্তে স্পষ্ট হওয়া দরকার, শফিকুল ইসলাম ওরফে শফিক আহমেদের নাম প্রস্তাব করেছিল কে, বিএফইউজের কোন পর্যায়ের অনুমোদন দেখানো হয়েছিল, মন্ত্রণালয় সেই অনুমোদন যাচাই করেছিল কিনা এবং নিয়োগের আগে সংগঠনের নির্বাচিত নেতৃত্বের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছিল কিনা।


আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft