সোমবার ৩১ আগস্ট ২০২৬
পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৯)
সত্যের আরাধনা, বস্তুনিষ্ঠতা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় বার্তা সংস্থা বাসসকে বিশ্বমানের সংবাদ সংস্থায় রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ শেষে আজ রবিবার (৩০ আগস্ট) দুপুরে বাসস কার্যালয়ে সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সংস্থাটির কর্মীদের উৎসাহিত করে কাদের গনি চৌধুরী বলেন, বাসসে একটি অত্যন্ত মেধাবী ও দক্ষ টিম রয়েছে। আমরা যদি সত্য ও পেশাদারিত্বকে ভিত্তি করে সততার সঙ্গে কাজ করি, তবে বাসস শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করবে এবং অনন্য উচ্চতায় পৌঁছাবে। এই সংস্থাকে আমাদের আন্তর্জাতিক মানে নিয়ে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই।

সংবাদের নিরপেক্ষতার ওপর জোর দিয়ে বাসস এমডি ও প্রধান সম্পাদক বলেন, সাংবাদিকতা হলো সত্যের আরাধনা। সাদাকে সাদা এবং কালোকে কালো বলা। আমাদের দায়বদ্ধতা কেবল রাষ্ট্র এবং এ দেশের সাধারণ জনগণের প্রতি। বাসস পরিবারের সকল সদস্য মিলে আমরা রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করব।

কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাকে আপনারা এমডি বা প্রধান সম্পাদক ভাববেন না, আমি আপনাদেরই একজন সহকর্মী। মাঠের সংবাদকর্মী হিসেবে আমি আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। এখানে ব্যক্তিপূজা বা ক্ষমতার দাপট দেখানোর কোনো সুযোগ নেই। নানা রঙের ফুল দিয়ে যেমন একটি সুন্দর মালা গাঁথা হয়, তেমনি সবাইকে সাথে নিয়ে একটি পেশাদার ও সুবাসিত বাসস পরিবার গঠন করতে চাই।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, বাসস একসময় অত্যন্ত প্রাণবন্ত ও প্রভাবশালী প্রতিষ্ঠান ছিল। আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ভিভিআইপি ও দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার ও গুণগত প্রতিবেদন এ সংস্থা থেকে প্রকাশিত হতো, যা দেশের সব জাতীয় পত্রিকায় ছাপানো হতো। সেই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, একজন অভিজ্ঞ সাংবাদিক নেতা ও দক্ষ সংগঠককে বাসসের শীর্ষ পদে পাওয়া এ প্রতিষ্ঠানের জন্য একটি বড় সুযোগ। আমাদের মূল পরিচয় আমরা সাংবাদিক।

এর আগে রবিবার সকাল ১০টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার কাছে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী তার আনুষ্ঠানিক যোগদানপত্র জমা দেন।

এরপর দুপুর ১২টায় বাসস কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাসসের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা, বাসস এমপ্লয়িজ ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাসস ইউনিট এবং ডিইউজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।

বাসসের সিটি এডিটর মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, ডিইউজের বাসস ইউনিট চিফ ও ডিইউজের যুগ্ম সম্পাদক দিদারুল আলম এবং ডেপুটি ইউনিট চিফ জিএম রাজিব হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাসসের সিনিয়র সাংবাদিক গোলাম আহাদ, মোহাম্মদ রহিম উদ্দিন, মো. আব্দুল বাতেন মাতুব্বর, হারুন আল নাসিফ, আয়েশা পারভীন (জুনান নাশিত), প্রধান বার্তা সম্পাদক (ইংরেজি) মো. মানিকুল আজাদ, প্রধান বার্তা সম্পাদক (বাংলা) মো. আকতারুজ্জামান, সিটি এডিটর (ইংরেজি) মো. মোর্শেদুর রহমান, বাসস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কামারুল হকসহ বাসস পরিবারের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft