
একসময়কার আলোচিত বি-গ্রেড চলচ্চিত্র অভিনেত্রী এবং গ্রামের এক সহজ-সরল যুবকের জীবনকে ঘিরে নির্মিত হয়েছে একক নাটক ‘রিল রঙ্গিলা’। ভিন্ন দুই জগতের দুই মানুষের সম্পর্ক, আত্মপরিচয়ের সংকট এবং নতুন করে বেঁচে ওঠার গল্প নিয়ে নির্মিত নাটকটি আগামী ৭ আগস্ট (শুক্রবার) দুপুর ৩টায় জাগো বাংলা ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নাটকে মাধুরীমালা চরিত্রে অভিনয় করেছেন মারিয়া মীম। একসময়কার জনপ্রিয় বি-গ্রেড চলচ্চিত্র অভিনেত্রীর জীবন, হারিয়ে যাওয়া পরিচয় এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামকে পর্দায় তুলে ধরেছেন তিনি।
অন্যদিকে মাসুম চরিত্রে দেখা যাবে তন্ময় সোহেলকে। তিনি একজন সহজ-সরল, সৎ ও মানবিক গ্রামের যুবকের চরিত্রে অভিনয় করেছেন। এক অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে মাধুরীমালা ও মাসুমের পরিচয় হয়। এরপর ভিন্ন দুই জগতের দুই মানুষের পথচলা এগিয়ে যায় হাস্যরস, আবেগ, দ্বন্দ্ব এবং জীবনের নানা বাস্তবতার মধ্য দিয়ে।
নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিয়াদ আহসান রনি। নির্মাতা জানিয়েছেন, গল্পের গুরুত্বপূর্ণ মোড়ে তার উপস্থিতি নাটকের গতিপথে নতুন মাত্রা যোগ করবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম।
নাফিজ রেজা ও টিটু রহমানের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিফাত খান অনিক। প্রধান সহকারী পরিচালক আক্তারুজ্জামান তুহিন।
নাটকটির প্রযোজক নাজমুল হুদা শাপলা, নির্বাহী প্রযোজক মাসুদ মনসুর এবং ক্রিয়েটিভ প্রডিউসার ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নাফিজ রেজা। চিত্রগ্রহণ করেছেন সোহেল রানা। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন মাহফুজুল হক আশিক।
নির্মাতা রিফাত খান অনিক বলেন, ‘রিল রঙ্গিলা’ শুধু বিনোদনের গল্প নয়; এটি দুই ভিন্ন জগতের দুই মানুষের জীবনের গল্প। এখানে ভালোবাসা, সম্মান, আত্মপরিচয়ের সংকট এবং নতুন করে বেঁচে ওঠার প্রত্যয় একসূত্রে গাঁথা হয়েছে। দর্শক নাটকটির প্রতিটি মুহূর্তে হাসি, আবেগ এবং জীবনের বাস্তবতার প্রতিফলন খুঁজে পাবেন বলে আমি বিশ্বাস করি।
নির্মাতা দলের প্রত্যাশা, ব্যতিক্রমী গল্প, প্রাণবন্ত অভিনয় এবং সমসাময়িক উপস্থাপনার মাধ্যমে ‘রিল রঙ্গিলা’ দর্শকদের জন্য একটি স্মরণীয় নাটকে পরিণত হবে।
আজকালের খবর/আতে