বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১২)
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে যে হত্যাকাণ্ড, যে জুলুম জাতির ওপর হয়েছে প্রত্যেকটি ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান এর তাৎপর্য নিয়ে আলোচনা, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। 

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ, বিসিবির পরিচালক ইসরাফিল খসরু, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিন, শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র মা, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন। ফ্যাসিবাদ বিরোধী সেই আন্দোলনে জাতির মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল তা যে কোনো মূল্যে আমাদের সকলকে রক্ষা করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু তা কখনোই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে পারবে না। যখনই আওয়ামী লীগের প্রশ্ন আসবে, ফ্যাসিবাদীদের ফেরার কথা আসবে- তখনই আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতিহত করব, এ দেশের মানুষ তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, ১৭ বছর ধরে এদেশের মানুষের ওপর যে অন্যায়, জুলুম আওয়ামী ফ্যাসিবাদীরা করেছে তার কোনো তুলনা পৃথিবীর ইতিহাসে নেই। সুতরাং শেখ হাসিনার এই দেশে ফেরা আর কখনোই সম্ভব হবে না, এই দেশের মানুষ তাকে সেই সুযোগ আর কখনোই দেবে না।

অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার মীর হেলালসহ অতিথিবৃন্দ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft