বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
ভারতে খুন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম   (ভিজিট : ০)
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসান শাহাদাত এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এই রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডরিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

পুলিশের দাবি, বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং নাশকতার পরিকল্পনা সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গ্রেপ্তার মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মো. আনোয়ারুল আজীম আনারের মেয়ে।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৯ নভেম্বর রাত সোয়া ১১টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। এর মধ্যে ছিল লাল টেপ মোড়ানো একটি কৌটার পোড়া অংশ, টিনের টুকরা, ১২টি তারকাঁটা ও কাচের টুকরা।

পুলিশের অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়।

মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মুনতারিন ফেরদৌস ডরিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। ২৬ নভেম্বর রাত আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার ডরিন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। বিস্ফোরণের ঘটনায় অন্য কারা জড়িত, কোথা থেকে ককটেল সংগ্রহ করা হয়েছিল এবং ঘটনার পেছনে কারা রয়েছে, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তদন্তের স্বার্থে পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft