বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে। এই মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
আলোচ্য মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ওইদিন থেকেই প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, ২৪ নভেম্বর জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে এ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন তিনি। ২২ নভেম্বর তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় জিয়াউল আহসানের মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন এই সাক্ষী।
জবানবন্দি শেষে তাকে জেরা করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাফাই সাক্ষ্য শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল।
গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথমটি হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিন হত্যা।
দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হলো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা।
তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। অর্থাৎ দ্বিতীয় অভিযোগে উল্লেখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একইদিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।
আজকালের খবর/বিএস