বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
খালিয়াজুরী ইউএনও অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম   (ভিজিট : ৭)
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউএনওর কক্ষের টেলিভিশন, আসবাবপত্র ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ভোরে কার্যালয়ের নৈশপ্রহরী অলি মিয়া দ্বিতীয় তলার বারান্দায় বসে পাহারা দিচ্ছিলেন। নিচে দুজন গ্রাম পুলিশ দায়িত্বে ছিলেন। এ সময় পোড়া গন্ধ পেয়ে অলি মিয়া গ্রাম পুলিশদের ডাকেন। পরে তাঁরা খোঁজাখুঁজি করে ইউএনওর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। কক্ষের তালা খুলে ভেতরে গিয়ে টেলিভিশনের সুইচ বোর্ডে আগুন জ্বলতে দেখেন।

কার্যালয়ে থাকা দুটি অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পাশের সরকারি কোয়ার্টার থেকে ইউএনও অলিদুজ্জামান, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন। তাঁরা পাশের পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

এদিকে খালিয়াজুরীতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের মদন উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। তবে তাঁদের খালিয়াজুরীতে আসতে ধনু নদ পার হতে হয়। নদটির ওপর সেতু না থাকায় ফেরিতে যানবাহন পারাপারে সময় লাগে। এর মধ্যে স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইউএনও অলিদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। টেলিভিশনের ক্যাবিনেটে রাউটার, ওয়াই-ফাই ও সিসিটিভি ক্যামেরার সংযোগ ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ নথিপত্র অন্য কক্ষে থাকায় সেগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft