কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ ঘোষণা দেন।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দ্বারা সংঘটিত হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। পতিত স্বৈরাচারের অপতৎপরতা চলছে। দেশ একটি অস্থির পরিস্থিতির মধ্যে চলে গেছে।
এ সময় মাওলানা মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দল বৈঠকে বসেছে।
তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও বিতাড়িত আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে রুখতে হবে। এ জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।
মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হওয়া দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। আর সেই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু গণভোটের রায় কার্যকর না করাই আজকের পরিস্থিতির অন্যতম কারণ।
তিনি বলেন, আমরা গণভোটের রায় বাস্তবায়নসহ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই শক্তির ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর গুরুত্বারোপ করছি। জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের জানান দেবে। নৈরাজ্যবাদী শক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে জাতিকে পরাস্ত করতে পারবে না। আমরা নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে নৈরাজ্যবাদীদের হামলায় নিহত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবার এবং বাড়িঘরে অগ্নিসংযোগ ও রাস্তাঘাটে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি।
তিনি সরকারের প্রতি কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। জনগণকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধের মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
মামুনুল হক বলেন, ১১ দল রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে, ইনশাআল্লাহ।
আজকালের খবর/বিএস