বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সরকারের কাছে বিচার চাইলেন নাহিদ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ১২)
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই যুক্তরাজ্য সরকারের প্রতি নিরপেক্ষ ও কার্যকর তদন্ত মাধ্যমে দোষীদের বিচারের দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন নাহিদ ইসলাম। এতে তিনি অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতা এবং ১১ দলীয় ঐক্যের নেতাদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি লেখেন, আজ লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

স্ট্যাটাসে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও লেখেন, আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন নাহিদ। তার ভাষ্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।

নাহিদ আরও লেখেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

একই সঙ্গে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, আমরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা আজকের হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft