বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমাদের পথ আমরা দেখব
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ০)
সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় তিনি সরকারের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে স্পষ্ট জবাব দাবি করেন।

বক্তব্যে নাহিদ ইসলাম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই অগ্নিসংযোগের ঘটনায় ওই বাড়িতে থাকা গবাদি পশু আগুনে পুড়ে মারা গেছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি অভিযোগ করেন, রাত থেকেই তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন এবং তিনি নিজে কুষ্টিয়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। অথচ আজ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তব্য করেছেন যে, ঘটনাস্থলে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি। নাহিদ ইসলাম প্রশ্ন তুলে বলেন, যেখানে কোনো ফরেনসিক টিমই যায়নি এবং কোনো ধরনের ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে এটিকে পেট্রোল বোমা নয় বলে ঘোষণা দিলেন, তা আমার বোধগম্য নয়।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা তা এখন স্পষ্ট। এর আগে পরশুদিন মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা চালানো হলেও ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এ ছাড়া সারা দেশে মুহুর্মুহু পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটছে; এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই নাকি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না, আর গতকাল তিনি পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা উন্নতির ফিরিস্তি দিয়েছেন।

সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার যদি তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’ তিনি সরকারকে সতর্ক করে আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট তারা হলেও দ্বিতীয় টার্গেট সরকারে থাকা ব্যক্তিরাই হবেন। ফ্যাসিস্ট শক্তির নৃশংসতার কথা উল্লেখ করে তিনি জানান, তাদের পরিবার আক্রান্ত হলে সরকারের মন্ত্রী-এমপিদের পরিবারও রেহাই পাবে না। তাই আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাবের বিষয়ে তিনি সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রুলিং দিয়ে স্পিকার বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ যে প্রশ্নটি তুলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ একটি গুরুতর ঘটনা। তিনি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft