‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই প্রতিপাদ্য এবং স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন বর্তমান সরকারের একটি মহৎ উদ্যোগ। এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সঠিক তথ্য নিরূপণ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপযুক্ত পরিবার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
প্রশিক্ষণে নন্দীগ্রাম উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশগ্রহণ করেন।
আজকালের খবর/বিএস