ঢালিউডে নতুন জুটি হিসেবে দর্শকদের সামনে আসছেন ওমর মালিক ও চাঁদনী শেখ। সিনেমার নাম ‘ফিল্টার’। এ খবর যখন গণমাধ্যমে ইতিাবচক সাড়া ফেলছে ঠিক একই সময় পরিচালক সূত্রে জানা গেছে একই সিনেমায় যাকে ঘিরে পুরো সিনেমার গল্প আবর্তিত তিনি দুই বাংলার জনপ্রিয় যাত্রাশিল্পী প্রিন্সেস বিউটি। তিনি এ সিনেমার গল্পের মধ্যমণি, তবে গতানুগতিক ছক ভেঙে খলচরিত্রে দেখা যাবে যাত্রামঞ্চের এই প্রিন্সেসকে।
প্রিন্সেস বিউটি যাত্রামঞ্চে অভিনয় নৈপুণ্য দিয়ে দুই বাংলার অসংখ্য দর্শকদের বিমোহিত করেছেন; চমনবাহারী প্রেমের রানী হিসেবে এবারে তাকে বড় পর্দায় ভিজ্যুয়াল মাধ্যমের হানিট্র্যাপ গল্পের ফাঁদে ফেলে অভিনয়ের নির্যাস ক্যামেরাবন্দি করেছেন ‘ফিল্টার’ টিম।
‘ফিল্টার’ দিয়ে অনলাইন দুনিয়াকে বিমোহিত করা এক নারীর দুরভিসন্ধিকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এ ব্যাপারে পরিচালক সাইমন তারিক টিম থেকে বলা হচ্ছে, চরিত্রটি যথেষ্ট শক্তিশালী। এখানে একই অঙ্গে অনেক রূপের খেলা। আলো-আধারের মতোই প্রতিটি ফ্রেমে ফ্রেমে বদলে যায় চরিত্র, যা বড় পর্দায় অনেকেই সাহস দেখাবে না। তাছাড়া অনেক কষ্টসাধ্য ব্যাপারও। অনেক দিন ধরেই একজন যুৎসই অভিনয় শিল্পী খুঁজছিলাম, প্রিন্সেস বিউটিকে যখন সিলেক্ট করি তখনও আমাদের টিম কনফিউজ ছিলো কিন্তু পর্দায় প্রতিটি ফ্রেমে তার উপস্থিতি সত্যি আমাদের ধারণার চেয়েও তিনি বেশি ভালো করেছেন তিনি।
সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ওমর মালিক ও চাঁদনী শেখ। এরই মধ্যে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনলাইন প্রতারণার নানা কৌশল, প্রেমের সম্পর্ক এবং বন্ধুত্বের জটিল সমীকরণকে ঘিরে এগিয়ে যাবে সিনেমাটির গল্প। এর পাশাপাশি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের তদন্তকৌশল ও অপরাধ দমনে সাফল্যের বিষয়টিও কাহিনিতে গুরুত্ব পাবে। ফলে বিনোদনের পাশাপাশি সমসাময়িক সামাজিক বাস্তবতার কিছু দিকও দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা থাকছে সিনেমাটিতে।
এ প্রসঙ্গে প্রিন্সেস বিউটি বলেন, “যাত্রায় যেভাবে নিজেকে বিলিয়ে দেই, সেটাই ফিল্টার সিনেমায় অ্যাপ্লাই করেছি। চরিত্রটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিলো তবে চেষ্টার সর্বোচ্চ দিয়েছি। আশা করছি যাত্রা দর্শকরা যেভাবে আমাকে গ্রহণ করেছেন সিনেমাতেও দর্শকরা আমাকে সেভাবেই গ্রহণ করবেন। দিন শেষে আমি দর্শকদের অভিনয় দিয়ে বিমোহিত করতে চাই।”