শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পিএম   (ভিজিট : ০)
জর্ডানের মধ্যাঞ্চলে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির কারাক গভর্নরেটের হামুদ এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা একটি গাড়িতে করে গির্জায় যায়। পরে সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া জানিয়েছেন, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী কাজ করছে। তিনি হামলাকারীদের চরমপন্থী গোষ্ঠীর সদস্য হিসেবে উল্লেখ করেন। এ ঘটনাকে বেদনাদায়ক ও ভয়াবহ বলেও মন্তব্য করেন তিনি।

দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহ হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বিবিসির যাচাই করা সিসিটিভি ফুটেজে তিনজন বন্দুকধারীকে সড়ক থেকে গির্জার দিকে এগিয়ে যেতে দেখা গেছে। ফুটেজে প্রথমে দুজনকে গির্জার প্রবেশপথের দিকে যেতে এবং পরে ফিরে এসে তৃতীয় ব্যক্তির সঙ্গে পুনরায় এগিয়ে যেতে দেখা যায়। এ সময় তিনজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা গির্জা থেকে বেরিয়ে একটি পিকআপে করে পালিয়ে যাওয়ার সময়ও গুলি চালায়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানের কারাক অঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক খ্রিষ্টান সম্প্রদায়ের বসবাস রয়েছে। দেশটিতে এ ধরনের প্রাণঘাতী সহিংসতার ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও অতীতে কয়েকটি বড় ধরনের হামলার নজির রয়েছে।

এদিকে, হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় শোক পালন করতে যাওয়া মানুষের ওপর এ ধরনের হামলা ধর্মীয় ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft