রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ০)
ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের মূল্যায়ন করে তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়া কার্ডপ্রাপ্ত ব্যক্তিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ করা অর্থের মাধ্যমে ভাতা প্রদান এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি রেলপথ, বিমান ও সড়কপথে ক্রীড়াবিদদের বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ক্রীড়াবিদরা যেন আশা ও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারেন এবং তাদের পেশাদারিত্ব নিশ্চিত হয়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে দেশের ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং তাঁদের ভাতার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে এই সংখ্যা ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে নতুন ক্রীড়াবিদদেরও এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও জানান, শিগগিরই নতুন করে ৯৫ জন ক্রীড়াবিদকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। অন্যদিকে, ইতিমধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতি চার মাস পরপর পারফরম্যান্স পর্যালোচনা করে তালিকা হালনাগাদ করা হবে। এতে পারফরম্যান্সের ভিত্তিতে কেউ বাদ পড়বেন, আবার যোগ্য নতুন ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হবে।

সভায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যায়নি বলে আগেও জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের সিদ্ধান্তের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকা হবে।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাফল্য বাড়াতে দীর্ঘমেয়াদি প্রস্তুতির ওপরও গুরুত্ব দেন আমিনুল হক। আগামী পাঁচ বছর পর অলিম্পিকে পদকের জন্য লড়াই করার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান তিনি। এ ছাড়া এশিয়ান গেমসসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো সামনে রেখে বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

ক্রীড়াবিদদের নাগরিক ও পরিবহনসুবিধা নিশ্চিত করার মাধ্যমে তাঁদের খেলাধুলায় আরও মনোযোগী করে তোলার উদ্যোগও নেওয়া হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft