শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ০)
রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ঘণ্টাটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

পুলিশ জানায়, ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিটের পর যেকোনো সময় ৯২ আসাদ এভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার উন্মুক্ত স্থান থেকে প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি চুরি হয়।

চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ হয়ে যায়। পরে ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোহাম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর চুরি যাওয়া ঘণ্টা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান শুরু করে।

পুলিশের দাবি, অভিযান শুরু হলে চোরেরা চুরি করা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়। পরে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়। বর্তমানে ঘণ্টাটি অক্ষত রয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ঘণ্টাটি থানা হেফাজতে রাখা হয়েছে। চুরির আগে সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এদিকে, আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি সোর্সের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft