প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী যাচ্ছেন তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী এ সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বাসে পরশুরামের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
সেখানে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
একইসঙ্গে ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌর প্যানেল বা ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা দেবেন।.
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আজকালের খবর/বিএস