সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
প্রথম দিনে ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম   (ভিজিট : ০)
সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা হয়নি। দুই সেশনের দিনটাও ব্যাটিং দিয়ে পার করতে পারল না বাংলাদেশ। প্রোটিয়া পেসারদের সামনে দাঁড়াতেই পারেননি টাইগার ব্যাটররা। বাউন্স আর পেসের সামনে নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা অসহায় আত্মসমর্পণ করেছেন! অথচ যে উইকেটে একশ রানও করতে পারল না বাংলাদেশ, সেখানেই শেষ বিকেলে সাবলীল ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। তাই প্রথম দিন শেষেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিকরা।

১৭ ওভার খেলে এক উইকেটে ৮৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ৩ রানে পিছিয়ে আছে তারা। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান করেছে।

সেঞ্চুরিয়নে বাংলাদেশি ব্যাটাররা সুবিধা করতে না পারলেও দারুণ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। নতুন বল সামলে দলকে ভালো শুরু এনে দেন এইডেন মার্করাম ও মার্কাস অ্যাকারম্যান। তবে মার্করাম ইনিংস বড় করতে পারেননি। এবাদতের বলে সাজঘরে ফেরার আগে ২৩ বলে করেছেন ২১ রান। এরপর দিনের বাকিটা সময় নিরাপদে পার করেছেন জুবায়ের হামজা ও অ্যাকারম্যান। 

এর আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৩ রানেই ফেরেন তানজিদ তামিম। এরপর আনরিখ নরকিয়ের গতির কাছে পরাস্ত হন মাহফিজুল ও শান্ত। দুজনকেই বোল্ড করেন এই পেসার। ৪৪ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।

এরপর মুমিনুলকে বোল্ড করেন উইয়ান মুল্ডার। লিটন দাসকে স্লিপে ক্যাচ বানান ইয়ানসেন। হৃদয় কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও চা-বিরতির ঠিক আগে সাইমন হারমারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ১৯ রান করে। পরে দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে ৯১ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ইয়ানসেন ও নরকিয়ে পেয়েছেন ২টি করে উইকেট। মুল্ডার ও হারমার নিয়েছেন একটি করে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft