মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে এলপিজির সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১১)
দেশের বাজারে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে কোনো সংকট নেই বলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে আশ্বস্ত করেছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির সরবরাহ ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময়সভায় অপারেটরদের পক্ষ থেকে এ নিশ্চয়তা দেওয়া হয়। সভায় দেশের এলপিজি আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি, বাজারদরসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে জানানো হয়, গত আগস্টে দেশে এক লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে।

চলতি সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে এক লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন। এসব তথ্য পর্যালোচনা করে সভায় বলা হয়, দেশে এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বর্তমানে এলপিজির কোনো ধরনের সংকট নেই বলে জানান আমদানিকারক ও অপারেটররা।

জ্বালানি মন্ত্রী বলেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহে কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অসৎ উদ্দেশ্যে কেউ যেন এলপিজি মজুদ করে কৃত্রিম সংকট বা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে। অপারেটররা এ বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।

সভায় এলপিজি অপারেটররা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধানে জ্বালানি বিভাগকে নির্দেশনা দেন মন্ত্রী। তিনি বলেন, এলপিজি আমদানির ক্ষেত্রে সব ধরনের বাধা দূর করতে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। দেশে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft