রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এক সংসদ সদস্যসহ (এমপি) দলীয় নেতাকর্মীরা জড়িত থাকলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়া বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শন করতে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
এদিন সরেজমিনে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক একটি মহল নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। যারা এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত দ্রুত তাদের বিচার করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনায় দলীয় কিছু নেতাকর্মী ও একজন সংসদ সদস্যদের নাম শোনা যাচ্ছে। যদি তারা জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়া হবে। এ সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রটি সংস্কার করে দ্রুত চালু করা হবে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনেরও বেশি একটি দুর্বৃত্ত দল রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে প্রতিষ্ঠানটিতে ব্যাপক ভাঙচুর চালায়। বর্বর ওই হামলায় আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে এবং কেন্দ্রটির দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় হানিফ মিয়া নামের একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।
আজকালের খবর/বিএস