শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে গুগল এআই স্টুডিও ও এমসিপি বিষয়ক কর্মশালা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম   (ভিজিট : ১৬)
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের (এফসিএসডিআই) উদ্যোগে গুগল এআই স্টুডিও ও মডেল কনটেক্সট প্রটোকল (এমসিপি) বিষয়ক ‘বিল্ড স্মার্টার, কানেক্ট ফাস্টার’ শীর্ষক একটি শিল্পমুখী হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের কম্পিউটার ল্যাবে আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাডেমিক) অধ্যাপক এইচ. এম. জাহিরুল হক। তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবন এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

কর্মশালায় গুগল এআই স্টুডিও এবং মডেল কনটেক্সট প্রটোকল (এমসিপি) নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা জানতে পারেন, কীভাবে এআই মডেল বিভিন্ন টুল, ডেটা সোর্স, অ্যাপ্লিকেশন ও বাহ্যিক সেবার সঙ্গে সংযুক্ত হয়ে আরও কার্যকর ও প্রাসঙ্গিক সমাধান তৈরি করতে পারে।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন মাইন্ডস্পার্কের প্রতিষ্ঠাতা ও সিইও মাহবুবা ইয়াসমিন তুরাবা। তিনি এআই-নির্ভর উদ্ভাবন ও সমাধান উন্নয়নে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাস্তব সমস্যার সমাধানে নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। একই সঙ্গে তরুণ ডেভেলপার ও উদ্যোক্তাদের জন্য এআই খাতে তৈরি হওয়া নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তিনি।

কর্মশালায় আরও প্রশিক্ষক হিসেবে ছিলেন সি-থ্রিবিটের সহ-প্রতিষ্ঠাতা রিজওয়ান হাসান। তিনি শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি অংশগ্রহণকারীদের আধুনিক এআই অ্যাপ্লিকেশন উন্নয়নের বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেন।

এফসিএসডিআই-এর ডিন অধ্যাপক সৈয়দ আখতার হোসেন বলেন, বর্তমান এআই যুগে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে তুলতে হবে।

কর্মশালাটি সমন্বয় করেন এফসিএসডিআই-এর নিয়াজ মাখদুম, সৈয়দ আশিক আদনান ও সারওয়ার আলম।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft