দেশের বিমানবন্দরগুলোতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত এবং বিমান দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষতা বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ১৫ জন অগ্নিনির্বাপণ কর্মীর ৬০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার সিভিল এভিয়েশন একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সফল প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।
গত ১০ জুন শুরু হওয়া প্রশিক্ষণ কোর্সটি ১ সেপ্টেম্বর শেষ হয়। এভিয়েশন ফায়ার ফাইটিংবিষয়ক এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল দেশের বিভিন্ন বিমানবন্দরে অগ্নি নিরাপত্তা নিশ্চিত এবং বিমান দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ জনবল তৈরি করা।
কোর্সে বেবিচকের ফায়ার বিভাগে কর্মরত ১৫ জন অগ্নিনির্বাপণ কর্মী অংশ নেন। প্রশিক্ষণকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া, অগ্নিনির্বাপণ গাড়ি পরিচালনাসহ ফায়ার ফাইটিংয়ের বিভিন্ন বিষয়ে নিবিড় ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মানদণ্ড অনুসরণ করে বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা নিশ্চিত এবং বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনা মোকাবিলায় এই প্রশিক্ষণের প্রকৃত সাফল্য তখনই নিশ্চিত হবে, যখন দেশের সব বিমানবন্দরে প্রয়োজনীয় অগ্নি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
বিশেষ অতিথি বেবিচকের পরিচালক (ফায়ার) মো. রফিকুল ইসলাম বলেন, ICAO-এর মানদণ্ড অনুযায়ী বিমানবন্দর পরিচালনা এবং Airport Emergency Plan বাস্তবায়নে প্রশিক্ষণার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (এটিএম) মো. মজিবুর রহমান মিয়াজী এবং উপপরিচালক (ডিজাইন স্ট্যান্ডার্ড অ্যান্ড এজিএ) মো. আবদুল লতিফ।
আজকালের খবর/বিএস