মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা সেতুর ঢালে যাত্রীবাহী বাস উল্টে ৮ যাত্রী আহত
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১১)
মুন্সিগঞ্জে পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস উল্টে আট যাত্রী আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে লৌহজং উপজেলায় সেতুর মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিরা হলেন- মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সোয়া একটার দিকে বাসটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়।

ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১টা ১৫ মিনিটের দিকে বাসটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে নামে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটি প্রথমে সেতুর ডান দিকের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি পুরোপুরি ঘুরে গিয়ে বাঁ দিকে রেলিংয়ে আঘাত হানে এবং উল্টে যায়।

বেলা ১টা ৩৭ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিম তামান্না বলেন, বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে নূর ইসলাম নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft