সৌদি আরবের তায়েফ শহরে কামরুল জামান নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত কামরুল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। দেশে তাঁর স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে।
গতকাল রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর চারটার দিকে তায়েফ হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল জামানের ভগ্নিপতি একরামুল হক বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, প্রবাসী কামরুল জামান তাঁর কর্মস্থল একটি সুপার মার্কেটের ডিউটি শেষে বাসায় ফিরছিলেন।
এ সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ এক সৌদি তরুণ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে কর্মরত অন্য দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান। পরে হামলাকারী সুপার মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিন রাউন্ড গুলি করে বলে জানা গেছে।
এরপর ওই সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
কামরুলের পাশের একটি ফার্মেসিতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী কর্মী এসব তথ্য জানান। তবে কী কারণে কামরুল জামানের ওপর এই হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি। কামরুল জীবিকার তাগিদে আড়াই বছর আগে পাড়ি জমান সৌদি আরবে।
আজকালের খবর/এমকে