উৎসবমুখর পরিবেশে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রোম, ইতালির ‘যুবস্ পরিবারের’ বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৬। শতাধিক যাত্রী নিয়ে রোম থেকে শুরু হয় এবারের আনন্দ ভ্রমণ যাত্রা। যাত্রাপথে সকালের নাস্তার পর নির্ধারিত গন্তব্যে পৌঁছান অংশগ্রহণকারীরা। এবারের আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল স্কিভোসপ্লাস পার্ক।
সমিতির সভাপতি মহিউদ্দিনের তত্ত্বাবধানে এবং সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন চৌধুরী ও উপদেষ্টা মোহাম্মদ তাফসির আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই আয়োজন।
গন্তব্যে পৌঁছানোর পর শুরু হয় নানা আনন্দ ও বিনোদনমূলক কার্যক্রম। ওয়াটার পার্কে সাঁতার, খেলাধুলা, হাসি-আড্ডা ও গল্পে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত। দুপুরে ছিল ভুরিভোজ। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে পরিবার ও স্বজনদের নিয়ে এমন একটি দিন অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি করে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সুন্দর বন্ধন।
আনন্দ ভ্রমণে শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। পুরুষদের জন্য ছিল আকর্ষণীয় অন্ধের হাঁড়িভাঙা আর নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বালিশ খেলা। প্রতিযোগিতাগুলো ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ সবার মধ্যেই ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. রফিক রনি, উপদেষ্টা শহিদুল হক রেন্টু, এ কে আজাদ ও হক এনামুল, প্রধান সমন্বয়কারী আব্দুল হাই, সহ-সভাপতি খোকন আহমেদ, কোষাধ্যক্ষ মো. ইসহাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ জুয়েলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য রফিকুল ইসলাম, মো. ইয়াছিন, জামাল চৌধুরী, হান্নান খান, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ উজ্জ্বল, নবীর, মো. তানভীরসহ আরও অনেকে।
আনন্দ ভ্রমণের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন আয়োজকরা। তাঁরা জানান, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েই নয়, প্রবাসীদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে।
আয়োজকরা বলেন, দেশে কিংবা প্রবাসে—প্রবাসীদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে সাধ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেন তাঁরা। প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সৌহার্দ্য আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দিন। তিনি আনন্দ ভ্রমণ সফল করতে যারা শ্রম, সময় ও সহযোগিতা দিয়েছেন এবং যারা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন—সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, সকলের সহযোগিতা ও ভালোবাসা অব্যাহত থাকলে আগামীতে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আরও বড় ও সুন্দর আয়োজন করা সম্ভব হবে। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সারাদিনের সাঁতার, খেলাধুলা, প্রতিযোগিতা, ভুরিভোজ, হাসি-আড্ডা ও আনন্দ-উল্লাস শেষে সন্ধ্যার দিকে নিজ নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দেন ভ্রমণপিপাসু মানুষগুলো।
সব মিলিয়ে প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে পারিবারিক বন্ধন, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে আরও দৃঢ় করার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি রোম, ইতালির বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৬।
আজকালের খবর/এমকে