বাংলাদেশসহ অন্যান্য দেশের কর্মীদের জন্য নতুন এক সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। ওয়ার্ক পারমিটের ব্যত্যয় ঘটিয়ে নিজস্ব উদ্যোগে বা স্বাধীনভাবে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বার্তায়।
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে গালফ নিউজ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়ার্ক পারমিটের নিয়মের বাইরে গিয়ে প্রবাসীদের স্বাধীনভাবে কাজ করা স্পষ্ট আইন লঙ্ঘন। একই সঙ্গে দেশের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলার জন্য সব বিদেশী কর্মীকে আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ প্রকাশিত নতুন নীতিমালা অনুযায়ী, অপরাধের পুনরাবৃত্তির ওপর ভিত্তি করে শাস্তির পরিমাণ বৃদ্ধি পাবে। প্রথমবার অপরাধের ক্ষেত্রে ১০ হাজার রিয়াল (প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা) জরিমানা, দ্বিতীয়বার ২৫ হাজার রিয়াল (প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা) জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হবে। আর তৃতীয় বা তার বেশিবার অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং নিজ দেশে ফেরত পাঠানোর মতো শাস্তির বিধান করা হয়েছে।
সৌদি শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ কর্মসংস্থান বন্ধের অংশ হিসেবে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় আইনগতভাবে নিবন্ধিত নিয়োগকর্তার বাইরে বা স্বাধীনভাবে প্রবাসীদের কাজ করা পুরোপুরি নিষিদ্ধ করা হলো।
যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রবাসীদের নিজ উদ্যোগে কাজ করতে বা অনুমোদনহীন নিয়োগে সহায়তা করবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে। অবৈধ কর্মীদের নিয়োগ দেয়া, পরিবহন করা, আশ্রয় দেয়া বা গোপন রাখার অপরাধে পৃথক শাস্তির বিধান রাখা হয়েছে। এসব অপরাধে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ১ লাখ রিয়াল (প্রায় ৩২ লাখ ৮৩ হাজার) এবং কারাদণ্ড হতে পারে ছয় মাস পর্যন্ত।
আজকালের খবর/বিএস