বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর করতে শিক্ষামন্ত্রীর আহ্বান
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৪৬ পিএম   (ভিজিট : ২)
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর, গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বুধবার চীনের গুয়াংজুতে অবস্থিত সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলন’-এ বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে শিক্ষামন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে যৌথ গবেষণা, স্কলারশিপ বৃদ্ধি, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং যৌথ মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে জোর দেন তিনি। একই সঙ্গে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টেকসই অ্যাকাডেমিক অংশীদারিত্ব গড়ে তোলার তাগিদ দেন।

সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের পরিবর্তনশীল শিক্ষা চাহিদার কথা তুলে ধরেন।

তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা সহযোগিতা এবং শীর্ষস্থানীয় চীনা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, বাংলাদেশে চীনা ভাষা শিক্ষা কেন্দ্র চালুর বিষয়ে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে চীনের গুয়াংডং প্রদেশের শিক্ষা বিভাগের প্রধান পরিদর্শক শু শিমিন আন্তর্জাতিক শিক্ষার প্রসারে তার প্রদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও বেশিসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গুয়াংডংয়ে ২৬১ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করেছেন এবং ২০২৫ সালে ২০ জন শিক্ষার্থী গুয়াংডং সরকারের বৃত্তি লাভ করেন।

সম্মেলনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, গুয়াংডং শিক্ষা বিভাগের কর্মকর্তা ঝৌ লিউইউ, চীন–বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ কোরবান আলী, সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটির সহ-সভাপতি অধ্যাপক ইয়াং চেংওয়েইসহ দুই দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে উভয় পক্ষ বিশ্ববিদ্যালয় পর্যায়ে অ্যাকাডেমিক বিনিময় ও দীর্ঘমেয়াদি শিক্ষা অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft