বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ মাগুরগাড়ি তালপট্টি এলাকায় কোয়ালিটি ফিড কোম্পানি লিমিটেডের অব্যবস্থাপনা, সড়কে পানি গড়ানো এবং অপরিকল্পিত পার্কিংয়ের কারণে সৃষ্ট তীব্র যানজটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল সাড়ে ১০টায় কারখানার মূল ফটকের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘জনভোগান্তি বন্ধ করো, রাস্তায় অবৈধ পার্কিং দূর করো’, ‘রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে যায় কেন? প্রশাসন জবাব চাই!’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শিলু মিয়া, সিহাব হোসেন, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম মঞ্জু, মোতাহার হোসেন, সুলতান মাহমুদ ও নিজাম উদ্দিন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কারখানার কাঁচামাল ও পণ্য বহনের কাজে ব্যবহৃত ভারী যানবাহনগুলো প্রতিনিয়ত প্রধান সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এতে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং অনবরত কারখানা থেকে পানি গড়িয়ে পড়ে সড়ক ও স্থানীয় পরিবেশ বিনষ্ট হচ্ছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়ছেন। এমনকি মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় যানজটে আটকে থাকছে। আগামী ৭ দিনের মধ্যে এসব অবৈধ পার্কিং ও অব্যবস্থাপনা দূর করতে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
এ বিষয়ে কোয়ালিটি ফিড লিমিটেড বগুড়ার জেনারেল ম্যানেজার ওমর ফারুক জানান, কারখানার নিজস্ব ৩০টি গাড়ি ধারণক্ষমতাসম্পন্ন একটি পার্কিং স্পেস নির্মাণের কাজ চলছে, যা শেষ হতে প্রায় ২ মাস সময় লাগবে। ভুট্টা সংগ্রহের মৌসুমে সাময়িকভাবে গাড়ির চাপ বাড়লেও রাস্তায় যেন যানজট না হয়, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব