মালদ্বীপে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিককে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সতর্কতা, সংযম ও দায়িত্বশীলতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে।
হাইকমিশন জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এসব মাধ্যমে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও ও অন্যান্য বিষয়বস্তুর কারণে অনেক সময় আইনগতসহ বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।
বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য সংবেদনশীল বিষয়সংক্রান্ত কোনো বিষয়বস্তু প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশন।
এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু প্রকাশ বা শেয়ার করার আগে বিষয়টি ভালোভাবে বিবেচনা করার এবং তথ্যের সত্যতা যাচাই করে তা প্রচার করার জন্য সকল বাংলাদেশি নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হতে পারে—এমন কোনো বিষয়বস্তু প্রকাশ বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন আশা করছে, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেশটির আইন ও সামাজিক শৃঙ্খলার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন।
আজকালের খবর/ এমকে