মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬
মূল সড়কে বসতে পারবেন না হকার, নীতিমালা অনুযায়ী হবে পুনর্বাসন: ডিএসসিসি প্রশাসক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ৭)
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং হকারদের সুশৃঙ্খলভাবে কর্মসংস্থানের সুযোগ দিতে সরকারি নীতিমালা অনুযায়ী হকার পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। তিনি বলেছেন, মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।

সোমবার (১৭ আগস্ট) নগর ভবন অডিটোরিয়ামে হকার ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহর ও এর নাগরিকদের নাগরিক সুবিধা বহাল রাখতে সুশৃঙ্খল হকার ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। হকারদের জীবিকা বন্ধ করার কোনো উদ্দেশ্য নেই। তবে সারাদেশের ভাসমান মানুষকে হকার হিসেবে ঢাকায় পুনর্বাসন করাও সম্ভব নয়।

তিনি বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে হকারদের নিবন্ধন ও নিয়মিত নবায়ন করতে হবে। পাশাপাশি নির্ধারিত সড়ক ও সময়ে ব্যবসা পরিচালনার শৃঙ্খলা মেনে চলতে হবে। এর মাধ্যমেই হকার সমস্যার দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধান সম্ভব।

প্রশাসক আরও বলেন, মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। যেসব সড়কে প্রশস্ত ফুটপাত রয়েছে, সেখানে পথচারীদের চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা উন্মুক্ত রেখে নির্দিষ্ট সংখ্যক নিবন্ধিত হকারকে ব্যবসার সুযোগ দেওয়া হবে। অবশিষ্ট হকারদের জন্য হলিডে মার্কেট ও নাইট মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হবে।

সভায় জানানো হয়, রাজধানীকে পরিচ্ছন্ন, পথচারীবান্ধব ও যানজটমুক্ত রাখতে স্থানীয় সরকার বিভাগ ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ১২০(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় এ নীতিমালা কার্যকর করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, হকারদের এককালীন নিবন্ধন ফি ৫ হাজার টাকা, বার্ষিক নবায়ন ফি ২ হাজার ৫০০ টাকা এবং স্থান ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য মাসিক ৩ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, নিবন্ধনের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। নিবন্ধিত হকারদের ব্যবসার স্থান ও সময় উল্লেখ করে বারকোড বা কিউআর কোডযুক্ত ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে।

এ ছাড়া শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে নির্ধারিত স্থানে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হলিডে মার্কেট পরিচালনা করা যাবে। অন্যদিকে বাণিজ্যিক এলাকায় অফিস সময় শেষে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নাইট মার্কেট পরিচালনার সুযোগ থাকবে। তবে মাঠ, উপাসনালয় বা কবরস্থানে কোনো মার্কেট বসানো যাবে না।

স্থান বরাদ্দের ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী হকারদের জন্য ৩০ শতাংশ জায়গা সংরক্ষণের বিধান রাখা হয়েছে। ফুটপাথে পথচারীদের চলাচলের জন্য কমপক্ষে ১ দশমিক ৫ মিটার বা প্রায় ৫ ফুট জায়গা উন্মুক্ত রাখা বাধ্যতামূলক। কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণও করা যাবে না।

নীতিমালা অনুযায়ী, হকারদের নিজেদের ব্যবসাস্থল পরিষ্কার রাখতে হবে এবং নির্ধারিত বিনে বর্জ্য ফেলতে হবে। লাইসেন্স ছাড়া ব্যবসা করা কিংবা নির্ধারিত সীমানা লঙ্ঘন করলে উচ্ছেদের পাশাপাশি নিবন্ধন বাতিল করা হতে পারে।

মতবিনিময় সভায় ডিএসসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft