গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন শিকদার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বাসিন্দা। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ভেতরে আটকা পড়েন চালক আল আমিন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রকিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। কাভার্ডভ্যানের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কেটে চালককে বের করতে হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুল জানান, সকালে মিনি কাভার্ডভ্যানটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে চলাচলরত একটি অজ্ঞাত গাড়ির পেছনে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আল আমিন শিকদার নিহত হন।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত অপর গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় সামনে থাকা গাড়িটির পেছনে সংঘর্ষের কারণেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটির পরিচয় শনাক্ত হলে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণেও সহায়তা হবে।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের খবর/বিএস