বুধবার ১২ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যা: অভিযোগ পাঠ স্থগিত
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:৩৬ পিএম   (ভিজিট : ০)
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের পোর্ট ডিকসনে তিন বাংলাদেশি সহকর্মীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে দেওয়া হয়েছে। মালয় ভাষা বুঝতে অসুবিধা হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার বোধগম্য ভাষায় অভিযোগ পড়ে শোনানোর দিন ধার্য করেছেন আদালত।

অভিযুক্ত মো. ইদ্রিস আলী (৪৩) বুধবার স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। তার বিরুদ্ধে তিন বাংলাদেশি নাগরিক—মো. নজরুল ইসলাম, মোহাসিন ও কিরণ মিয়াকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

ম্যাজিস্ট্রেট নুরুল সাকিনাহ রসলির সামনে মালয় ভাষায় অভিযোগ পড়ে শোনানো হলে অভিযুক্ত প্রথমে তা বুঝেছেন বলে মাথা নাড়েন। তবে আদালত পরে দেখতে পান, তিনি অভিযোগের বিষয়বস্তু পুরোপুরি বুঝতে পারছেন না। এ কারণে বাংলাদেশি দোভাষী ডেকে এনে তার বোঝার মতো ভাষায় অভিযোগ পুনরায় পড়ার নির্দেশ দেওয়া হয়।

আদালতের অভিযোগ অনুযায়ী, চলতি মাসের শুরুতে পোর্ট ডিকসনের তামান লিঙ্গির একটি বাড়ির পেছনের গলিতে এবং সাউয়া মাঙ্গিস এলাকার একটি পামবাগানে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তিনজনকে হত্যার ঘটনা ঘটে।

অভিযোগটি দণ্ডবিধির ৩০২ ধারায় আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড অথবা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মৃত্যুদণ্ড না হলে সর্বোচ্চ ১২টি বেত্রাঘাতের শাস্তিও হতে পারে।
এদিকে, একই ঘটনায় আরেক বাংলাদেশি নাগরিক মো. কাজল মণ্ডলকে হত্যাচেষ্টার অভিযোগেও অভিযুক্ত হয়েছেন ইদ্রিস আলী। তামান লিঙ্গিতে বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সেশন আদালতে দণ্ডবিধির ৩০৭ ধারায় এ অভিযোগ আনা হয়েছে। এ ধারায় সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। সেশনস কোর্টের বিচারক তাসনিম আবু বকরও আগামী ১৩ আগস্ট অভিযুক্তের বোধগম্য ভাষায় অভিযোগ পুনরায় পড়ার দিন ধার্য করেছেন।

নেগেরি সেম্বিলানের পাবলিক প্রসিকিউশনের পরিচালক ইংকু আহমাদ রাশদি ইংকু আবদুল্লাহ জানিয়েছেন, অভিযুক্তের জন্য জামিনের আবেদন করা হয়নি।

আজকালের খবর/এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft