সোমবার ৩ আগস্ট ২০২৬
মিশিগানে বাম-এর সভাপতি জাবেদ, সম্পাদক নিয়ন
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:৪২ পিএম   (ভিজিট : ১৭)
যুক্তরাষ্ট্রের মিশিগানে অভিবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে বর্তমান সভাপতি ইব্রাহিম চৌধুরী জাবেদ পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লুৎফুল বারী নিয়ন এবং কোষাধ্যক্ষ হয়েছেন জসিম চৌধুরী।

মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটি স্কয়ারে অনুষ্ঠিত সংগঠনের ১৭তম বাংলাদেশ-আমেরিকান ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য প্রকৌশলী আহাদ আহমদ উপস্থিত সদস্যদের সামনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। তিনি জানান, কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের নাম শিগগিরই প্রকাশ করা হবে।

পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর ইব্রাহিম চৌধুরী জাবেদ সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মূল লক্ষ্য হবে সেবা, ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তোলা।

তিনি বলেন, সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা এবং দিকনির্দেশনায় নতুন কমিটি সংগঠনের লক্ষ্য, মূল্যবোধ ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবে। পাশাপাশি মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের স্বার্থ সংরক্ষণ, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য লালন এবং কমিউনিটির কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

নতুন কমিটি ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন আহাদ মোহাম্মদ, মতিন চৌধুরী, সুমন কবির, মীর রশি, শারমিন তানিম, তাহমিদ হাসান চৌধুরীসহ সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক ও বর্তমান নেতারা।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ-আমেরিকান ফেস্টিভালে সাংস্কৃতিক অনুষ্ঠান, পারিবারিক মিলনমেলা, শিশু-কিশোরদের পরিবেশনা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এবারের ফেস্টিভালের সমাপ্তি ঘটে।

আজকালের খবর/এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft